মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ ভারতীয় তারকা যশের নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই এতে থাকা ঘনিষ্ঠ দৃশ্যগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এই বিতর্কিত বিষয়টি নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন অভিনেতা যশ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এসব দৃশ্য দেখে তাঁর স্ত্রী ও অভিনেত্রী রাধিকা পণ্ডিতের প্রতিক্রিয়া কেমন ছিল।
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘আপ কী আদালত’-এ হাজির হয়ে যশ জানান, এ ধরনের দৃশ্যের ক্ষেত্রে যেকোনো দম্পতির মধ্যেই কিছুটা অস্বস্তি থাকা স্বাভাবিক। তিনি বলেন, ‘আমি মিথ্যা বলতে চাই না। প্রত্যেক সঙ্গীরই এমন অনুভূতি হয়। কিন্তু দিনের শেষে বুঝতে হবে, এটি অভিনয়। এটি একটি শিল্প, আর আমরা যে গল্পটি বলতে চাই, তার প্রয়োজনে এসব দৃশ্য এসেছে।’
যশ আরও জানান, ব্যক্তিগত পছন্দের কথা চিন্তা করে নয়, বরং গল্পের প্রয়োজনে এবং চরিত্রের দাবি অনুযায়ীই তাঁকে নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি ছাড়তে হয়েছে। তাঁর ভাষায়, ‘আমি স্বাভাবিকভাবে খুব সংরক্ষিত মানুষ। কিন্তু একজন অভিনেতা হিসেবে চরিত্রের প্রয়োজনকে গুরুত্ব দিতে হয়। গল্প যদি তা দাবি করে, তাহলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতেই হয়।’
রাধিকা পণ্ডিত নিজেও একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ায় অভিনয় ও বাস্তব জীবনের পার্থক্য তিনি অনুধাবন করতে পারেন বলে মনে করেন যশ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘রাধিকা জানে, পর্দায় যে মানুষটিকে দেখা যায়, তিনি চরিত্র। আর বাড়িতে যে মানুষটি থাকে, সে আমি। এই বিশ্বাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তবে সম্পর্কের ক্ষেত্রে আবেগের জায়গা থেকে কিছুটা অস্বস্তি থাকা মানবিক বিষয়, সেটিও স্বীকার করেছেন তিনি।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিটি যশের ‘কেজিএফ’ সিরিজের পর অন্যতম বড় প্রজেক্ট। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নয়নতারা, হুমা কুরেশি ও তারা সুতারিয়াসহ আরও অনেকে।
ছবির ট্রেলারে রোমান্টিক মুহূর্ত, গাঢ় আবহ এবং সহিংসতার সংমিশ্রণ দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্যগুলো নিয়ে অনলাইনে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার জবাবেই অভিনেতা স্পষ্ট করেছেন যে তিনি চরিত্রের প্রতি সৎ থাকতে চান। ব্যক্তিগত অস্বস্তির চেয়ে শিল্পের প্রয়োজনকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন। আগামী ২৬ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
উল্লেখ্য, ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজিতে ‘রকি ভাই’ চরিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান কন্নড় সিনেমার এই তারকা। সেই সাফল্যের পর ‘টক্সিক’ সিনেমার মাধ্যমেই নতুনভাবে পর্দায় ফিরছেন তিনি।