বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের সামনে এসব কথা বলেন তিনি।

সম্পর্কের ভিত্তি প্রসঙ্গে রিজভী বলেন, "কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করার ভিত্তিতেই সম্পর্ক হতে হবে।"

বাংলাদেশের সার্বভৌমত্বের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।"

প্রধানমন্ত্রীর বৈদেশিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, "যদি অন্য কিছু না থাকে, তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে এবং সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সব দেশের সঙ্গেই আমাদের প্রধানমন্ত্রী সম্পর্ক রাখবেন। তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাব।"

বন্ধুত্বের শর্ত নিয়ে তাঁর স্পষ্ট মত, "ভিতরে যদি কোনো শর্ত থাকে, তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে—আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব।"

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে রিজভী বলেন, "স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে। তবে স্বার্থ থাকলে বাংলাদেশ এগোবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও সমমর্যাদার ভিত্তিতে হবে। এর বাইরে কিছু হলে বিএনপি সরকার সায় দেবে না।"

পাশাপাশি, বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের গৃহীত বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক দল মাঠপর্যায়ে সক্রিয় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।