মার্থা সি নাসব্যোম পাঠচক্রের নিবন্ধন প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। বাঙলার পাঠশালা ফাউন্ডেশন আয়োজিত এই পাঠচক্রের নিবন্ধন ফি বর্তমানে বাধ্যতামূলক নয়। এটি ১৫তম পাঠচক্র, যার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং চলবে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধনের শেষ সময় ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই পাঠচক্রে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর প্রখ্যাত দার্শনিক ও আইনজ্ঞ অধ্যাপক মার্থা সি নাসব্যোমের দর্শন, ন্যায়বিচার, মানব মর্যাদা, গণতন্ত্র, শিক্ষা, সক্ষমতা তত্ত্ব, জেন্ডার ন্যায়, প্রতিবন্ধিতা, প্রাণী নৈতিকতা ও বৈশ্বিক ন্যায়বিচার নিয়ে আলোচনা হবে।

পাঠচক্রের মূল প্রতিপাদ্য ‘ভঙ্গুরতা ও ন্যায্যতার সন্ধানে: দর্শনের কর্তব্যভার সম্পর্কে মার্থা সি নাসব্যোম’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মার্থা সি নাসব্যোম, যিনি ‘প্রাণীদের জন্য ন্যায্যতা: অমানব সত্তা পর্যন্ত সক্ষমতা পন্থার সম্প্রসারণ’ বিষয়ে বক্তৃতা দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান। বক্তব্য দেবেন প্রতীচী (ইন্ডিয়া) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি অন্তরা দেব সেন। এছাড়া, পাঠচক্রের আন্তর্জাতিক বক্তাদের মধ্যে থাকবেন দার্শনিক ফিলিপ কিচার, জেরেমি ডেভিড বেনডিক-কেমার, ইভা ফেডার কিটেয়, হ্যারি ব্রিগহাউস, ইলেন আন্টারহাল্টার, মর্টেন বিসকভ, ইউকো কামিশিমা, এমি লিঞ্চসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ।

আয়োজকদের মতে, এই পাঠচক্রের লক্ষ্য হলো ন্যায়বিচার, মানব মর্যাদা, গণতান্ত্রিক নাগরিকত্ব, মানবিক শিক্ষা, জেন্ডার ও প্রতিবন্ধিতা, প্রাণীর প্রতি নৈতিকতা, সাহিত্য, আইন ও পাবলিক রিজন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনায় বাংলাদেশ ও উন্নয়নশীল দেশের তরুণ গবেষকদের যুক্ত করা।

শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, অধিকারকর্মী, আইনজীবী, নীতিনির্ধারণ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং ন্যায়বিচার ও মানব উন্নয়ন বিষয়ে আগ্রহী যে কেউ এতে অংশ নিতে পারবেন। নিয়মিত অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।

নিবন্ধনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলার পাঠশালা ফাউন্ডেশনের ওয়েবসাইটে। বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, চেয়ারপারসন ও সিটি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ জাভেদ চৌধুরী এ পাঠচক্রের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।