ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বা এআই ক্যামেরার মাধ্যমে গত ২৪ ঘণ্টায় মোট ৪৪৯টি মামলা করা হয়েছে। এসব মামলার বিপরীতে মোট ১৫ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম এই তথ্য নিশ্চিত করেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে যানবাহনের গতিসীমা লঙ্ঘন, ভুল পথে চলাচল এবং অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা শনাক্ত করতে এই এআই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ক্যামেরার মাধ্যমে অপরাধ শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবেই মামলা ও জরিমানার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, "মহাসড়কে এআই ক্যামেরার কার্যক্রম আরও বাড়ানো হলে ট্রাফিক আইন ভঙ্গের প্রবণতা কমার পাশাপাশি সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আরও জোরদার হবে। ইতোমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে।"

উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।