বসের সঙ্গে কথা না বলে কিংবা সরাসরি কিছু না বলে নিজের ক্ষোভ-অভিমান প্রকাশ করতে চান—চীনের কিছু তরুণ কর্মী খুঁজে পেয়েছেন এমনই এক অদ্ভুত পন্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁরা তৈরি করছেন ভার্চ্যুয়াল পোষা প্রাণী, যা দেখতে বসের মতো করে বানানো। এরপর কম্পিউটারের পর্দায় ওই চরিত্র দিয়ে করানো হচ্ছে নানা মজার এবং বিব্রতকর সব কাজ।
দেশটির সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এ ধরনের এআই-নির্ভর ডেস্কটপ পোষা প্রাণীর ব্যবহার দিন দিন বাড়ছে। আগের ভার্চ্যুয়াল পোষা প্রাণীগুলোর আচরণ ছিল নির্দিষ্ট কিছু কাজের মধ্যে সীমিত; তবে নতুন এআই-নির্ভর চরিত্রগুলোকে নিজেদের মতো সাজানো যায়। ব্যবহারকারীর ইচ্ছেমতো বদলে দেওয়া যায় চরিত্রের চেহারা, আচরণ ও প্রতিক্রিয়া।
এ জন্য যে কারও একটি ছবি এআই অ্যাপ্লিকেশনে আপলোড করে কিছু নির্দেশনা দিলেই তৈরি হয়ে যায় ওই ব্যক্তির আদলে ভার্চ্যুয়াল চরিত্র। নিজেদের তৈরি করতে না পারলে অর্থের বিনিময়ে এই সেবা নেওয়ার কথাও বলা হয়েছে। দাম শুরু হচ্ছে ৯ দশমিক ৯ ইউয়ান থেকে, যা কয়েক শ ইউয়ান পর্যন্ত হতে পারে।
আগস্টের শুরুর দিকে জিউইউচুশি নামের এক ইন্টারনেট ব্যবহারকারী বিলিয়নিয়ার ইলন মাস্কের আদলে একটি ভার্চ্যুয়াল পোষা প্রাণী তৈরি করেন। এর মাধ্যমে দেখানো হয়েছে, কারও ছবি ব্যবহার করেই কত সহজে এমন চরিত্র বানানো যায়।
চরিত্রগুলো শুধু পর্দায় স্থির থাকে না। ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী এগুলো মাথা নত করতে পারে, চা পরিবেশন করতে পারে, এমনকি নিজেকে আঘাত করার ভানও করতে পারে। কম্পিউটারের মাউস দিয়ে চরিত্রটিকে সরালে সেটিকে কষ্ট করে হাঁটছে—এমনভাবে দেখানো যায়। কেউ কেউ আবার চরিত্রটিকে কম্পিউটারের পর্দার কিনারা বেয়ে উঠতেও দিচ্ছেন।
‘মিস রিজ লাভস টু ড্রিম’ নামের পরিচিত আরেক ইন্টারনেট ব্যবহারকারী কাউকে অপছন্দ হলে তাঁকে ভার্চ্যুয়াল পোষা প্রাণীতে পরিণত করার নির্দেশনা শেয়ার করেছেন। তাঁর তৈরি চরিত্রটি পর্দার ওপর হামাগুড়ি দিতে পারে, হাঁটু গেড়ে বসতে পারে এবং ক্ষমা চাইতে পারে।
বসের আদলে তৈরি এসব চরিত্র দিয়ে কেউ কেউ বলাচ্ছেন, ‘আর ওভারটাইম নয়’ বা ‘পদোন্নতি ও বেতন বাড়াও’। আবার কেউ কেউ বন্ধু কিংবা সঙ্গীর আদলে চরিত্র বানিয়ে সেটিকে পর্দার এক কোনায় বসিয়ে গল্পগুজব করার দৃশ্যও তৈরি করছেন।