স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হব। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করব।’

মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে মির্জা ফখরুলের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘যতই ব্যস্ত থাকি না কেন, সব সময় জনগণের জন্য এবং এলাকার উন্নয়নে পাশে থাকব।’

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এ সময় তিনি আবেগাপ্লুত হন এবং দল থেকে রাষ্ট্রপতি পদে তাঁকে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। মির্জা ফখরুল এ সময় সবার খোঁজখবর নেন এবং বিভিন্ন পরামর্শ দেন।

সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক সমকালের দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ, সহসভাপতি স্টার টিভির মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কালবেলার শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক বাসসের জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ৭১ টেলিভিশনের আব্দুল লতিফ, প্রচার সম্পাদক জিটিভির সাজ্জাদ হোসেন ও নারীবিষয়ক সম্পাদক নিউজ টুয়েন্টি ফোরের মোছা. শিউলী বেগম নাহিদ উপস্থিত ছিলেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, স্টার টিভির ফরহাদ বিন নূর, কালের কণ্ঠের মো. নবাব শরীয়তুল্লাহ (সৌম্য সরকার), সাম্প্রতিক দেশকালের নাসরিন আখতার, যুগান্তরের ইমরান খান, চ্যানেল আইয়ের তাফহিমুল ইসলাম এবং নিউজ এজেন্সি এবিপির বিশেষ প্রতিনিধি আবু সাঈদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, মুক্তকণ্ঠের তুহিন সাইফুল্লাহ এবং বাসসের জ্যেষ্ঠ সহসম্পাদক মাহাবুর আলম সোহাগ।