জন্মভূমি সেনেগালে কোচ হিসেবে ফিরেছেন ফরাসি কিংবদন্তি প্যাট্রিক ভিয়েরা। বিশ্বকাপে ব্যর্থতার পর পাপে থিয়াওকে সরিয়ে মঙ্গলবার নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আর্সেনালের সাবেক এই মিডফিল্ডারকে।
সেনেগাল ফুটবল ফেডারেশন তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এই নিয়োগের কথা নিশ্চিত করেছে। তবে ৫০ বছর বয়সী ভিয়েরার সঙ্গে চুক্তির মেয়াদ বা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেওয়ার পর বরখাস্ত করা হয়েছিল কোচ পাপে থিয়াওকে। ২০২৪ সালে দায়িত্ব নেওয়া ৪৫ বছর বয়সী থিয়াওর অধীনে মরক্কোয় একটি বিতর্কিত মহাদেশীয় শিরোপা জিতেছিল সেনেগাল। তবে পরবর্তীতে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) সেই জয় বাতিল করে দেয়। সিএএফ-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিসি আদালতে (সিএএস) আপিল করেছে সেনেগাল, যার শুনানি আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপের লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে নির্ধারিত সময়ের মাত্র ৫ মিনিট আগে ২-০ গোলে এগিয়ে থাকলেও নাটকীয়ভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেনেগাল। এর আগে গ্রুপ পর্যায়ে ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে দলটি ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এই ব্যর্থতার দুই সপ্তাহের কম সময়ের মধ্যেই পাপে থিয়াও ও তাঁর কোচিং স্টাফদের ছাঁটাই করা হয়।
খেলোয়াড়ি জীবনে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি এবং ইতালির ইন্টার মিলান ও এসি মিলানের হয়ে খেলে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়েছেন ভিয়েরা। ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। তবে কোচিং ক্যারিয়ারে তিনি খুব একটা সফল হতে পারেননি। এর আগে নিউ ইয়র্ক সিটি এফসি, নিস, ক্রিস্টাল প্যালেস ও স্ত্রাসবুর্গকে কোচিং করিয়েছেন তিনি। সর্বশেষ জেনোয়ার দায়িত্ব পেয়েছিলেন ভিয়েরা, তবে এক বছরের কম সময়ের মধ্যে তাঁকে বরখাস্ত করা হয়; সে সময় ইতালিয়ান সিরি ’আ’র পয়েন্ট টেবিলের তলানিতে ছিল ক্লাবটি।