বিশ্ব বাবা দিবস উপলক্ষে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইন ‘বাবার যত্নে’-এর পাঁচজন বিজয়ী সন্তান ও তাঁদের বাবাদের সংবর্ধনা দিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। ‘সুস্থ বাবা, নিরাপদ পরিবার’—এই স্লোগানকে সামনে রেখে বাবার প্রতি ভালোবাসা, স্মৃতি ও অনুভূতি নিয়ে গল্প লেখার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

গত সোমবার রাজধানীর মহাখালীতে অবস্থিত হাসপাতালের সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়। প্রতিযোগিতায় জমা পড়া অসংখ্য হৃদয়ছোঁয়া গল্পের মধ্য থেকে পাঁচজনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়। বিজয়ীরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার সুমাইয়া জাহান (বাবা আহম্মেদ হোসেন), গাজীপুরের লাকী আক্তার (বাবা মোনতাজ উদ্দিন আকন্দ), নারায়ণগঞ্জের তাইয়্যেবা তাসবিন (বাবা এস এম আতাউর রহমান), ময়মনসিংহের ফারিহা রিদিলা (বাবা ফারুকুল ইসলাম) এবং ঢাকার কাজী মিলহা (বাবা কাজী মিজানুর রহমান)।

অনুষ্ঠানে বিজয়ী সন্তান ও তাঁদের বাবাদের বিশেষ উপহারসামগ্রীর পাশাপাশি একটি করে পূর্ণাঙ্গ ‘ফ্রি হেলথ চেকআপ প্যাকেজ’ প্রদান করা হয়। এছাড়া বাবাদের জন্য স্পেশাল হেলথ কার্ড দেওয়া হয়েছে, যার মাধ্যমে তাঁরা ও তাঁদের পরিবার হাসপাতালের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ সুবিধা পাবেন।

আয়োজনটির মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনুকাব্য লেখক সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)। অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান উদ্যোক্তা আশীষ কুমার চক্রবর্ত্তী, হেড অব করপোরেট নীতা চক্রবর্ত্তীসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি এফ জামান।