দেশের বর্তমান গ্যাস সংকটের জন্য পূর্ববর্তী সরকারের ভুল সিদ্ধান্ত ও দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা দায়ী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান, এই সংকট পুরোপুরি নিরসনে অন্তত দুই বছর সময় লাগতে পারে, তবে সাময়িকভাবে জনগণের ভোগান্তি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গ্যাস সংকট কেন্দ্র করে বিরোধী দলের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, "মানুষ যথেষ্ট কষ্ট পাচ্ছে। প্রধানমন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন। আমাদের বক্তব্য খুব সহজ—মানুষের কষ্টটা সত্য। কিন্তু এটার জন্য আমাদের দোষ দেওয়া সঠিক নয়।"
সংকটের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল। এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। এর দায় স্বীকার করে সরকার সংকট নিরসনে কাজ করছে। সংকট পুরোপুরি নিরসনে কমপক্ষে দুই বছর লাগবে। সেই পরিকল্পনা অনুযায়ী সরকার এগোচ্ছে। সাময়িকভাবে যেন বেশি সমস্যা না হয়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।"
জ্বালানি সংকটের বিভিন্ন দিক তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, বর্তমান সংকটটি দীর্ঘদিনের জমে থাকা সমস্যা। তবে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে এবং খুব দ্রুত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার বিষয়ে তিনি বলেন, ভোলার গ্যাস মূল লাইনে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় কাজ সরকার করছে। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার চেষ্টা চলছে এবং মধ্যমেয়াদি পরিকল্পনার কাজও ইতোমধ্যে শুরু হয়েছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে সময়ের প্রয়োজন।
স্থলভাগে গ্যাস অনুসন্ধানের কথা উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, "আমরা স্থলভাগে গ্যাস অনুসন্ধান শুরু করেছি। জরিপের ভিত্তিতে ধারণা করা হয়েছে, দেশের স্থলভাগে ৪০ থেকে ৫০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে। বর্তমানে দেশে বছরে ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে।"
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে তথ্য উপদেষ্টা কাজী নজরুল ইসলামের সাহিত্য, চিন্তা ও দর্শন নিয়ে বিদ্যালয় পর্যায়ে বয়স উপযোগী চর্চা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, "নজরুলকে শুধু প্রতিযোগিতা ও পুরস্কারের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। প্রতিটি স্কুলে শিশুদের বয়স উপযোগী করে তার সাহিত্য, চিন্তা ও দর্শন নিয়ে চর্চা করা প্রয়োজন।"
রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "রাষ্ট্রীয় পর্যায়ে কোনো প্রতিযোগিতা হলেই সেটিকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে, যেন নজরুলচর্চা শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। প্রতিটি স্কুল ও সমাজের বিভিন্ন জায়গায় যেন সব সময় এ চর্চা হয়। রাষ্ট্র ও জনগণের জন্য সেটিই ভালো হবে।"
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত এই সভায় ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব দীপংকর বিশ্বাস, ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।