বিশাল বাজেটের দল গঠনের পর এবার নতুন মৌসুমের জন্য বিদেশি কোচ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা-কালোরা তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগো ভারেলাকে। আজ মোহামেডান ক্লাব ভবনে ৫৩ বছর বয়সী এই কোচের নাম ঘোষণা করেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।

উয়েফা প্রো লাইসেন্সধারী সান্তিয়াগো ভারেলা তার কোচিং ক্যারিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছেন ভারতে। ২০১৮ সালে তিনি ভারতের গোকুলাম কেরালা ক্লাবে যোগ দেন। সেখানে প্রথম মৌসুমেই তিনি দলকে কেরালা প্রিমিয়ার লিগ শিরোপা জেতান এবং পরবর্তী মৌসুমে এনে দেন মর্যাদাপূর্ণ ডুরান্ড কাপের ট্রফি।

২০২০ সালের জুনে বেতনের টানাপোড়েন এবং আই-লিগে দলের পারফরম্যান্সের কারণে গোকুলাম কেরালা ছাড়েন তিনি। এরপর তিনি গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্সের দায়িত্ব গ্রহণ করেন এবং সর্বশেষ স্পোর্টিং ক্লাব দ্য গোয়ায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম নেওয়া ভারেলা দীর্ঘকাল স্পেনে বসবাস করছেন। মাঠের পাশাপাশি তাত্ত্বিক কাজেও আগ্রহী এই স্প্যানিশ কোচ, যার প্রমাণ তার লেখা ‘ফুটবল ইন্টেলিজেন্ট’ নামক বইটি।