চলতি বছরের অর্ধেকের বেশি সময় অতিবাহিত হয়েছে। বছরের শেষ চার মাসের কিছু বেশি সময় বাকি থাকতেই সরকারি চাকরিজীবীদের জন্য নির্ধারিত রয়েছে আরও কয়েকটি সরকারি ছুটি। তবে এর মধ্যে দুটি ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন—সব মিলিয়ে মোট সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।
১৮ আগস্ট পর্যন্ত বছরের অধিকাংশ সরকারি ছুটি শেষ হয়ে গেছে। বর্তমানে বাকি রয়েছে ছয়টি সরকারি ছুটির তারিখ।
আগস্ট মাসে আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
সেপ্টেম্বর মাসে ৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাকরিজীবীরা অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাবেন না।
অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের ছুটি রয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে। এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ পাওয়া সম্ভব।
বছরের শেষ মাস ডিসেম্বরে আরও দুটি সরকারি ছুটি রয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ছুটি থাকবে। তবে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় এই ছুটিটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে। এছাড়া ১৬ ডিসেম্বরের পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নেওয়া গেলে ১৮ ও ১৯ ডিসেম্বরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে।
বছরের বাকি ছুটিগুলো এক নজরে:
২৬ আগস্ট, বুধবার — পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
৪ সেপ্টেম্বর, শুক্রবার — জন্মাষ্টমী
২০ অক্টোবর, মঙ্গলবার — দুর্গাপূজা (নবমী)
২১ অক্টোবর, বুধবার — দুর্গাপূজা (বিজয়া দশমী)
১৬ ডিসেম্বর, বুধবার — বিজয় দিবস
২৫ ডিসেম্বর, শুক্রবার — যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন)