দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক রাজস্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সম্মেলনের আয়োজন করে।

বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের সরকারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, পেছনে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। সবাইকে নিয়ে সামনে যেতে চাই। সামনে যেতে হলে সবাইকে একত্রে কাজ করতে হবে।"

সম্মেলনে এক রাজস্ব কর্মকর্তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী একটি দেশের সাথে পরিবারের তুলনা করেন। তিনি বলেন, "একটি দেশ একটি পরিবারের মতো। সেখানে রাজস্ব বিভাগ অন্যতম প্রধান ভূমিকা পালন করে।"

অতীতের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "যেটি অতীতে হয়ে গেছে, সেটা হয়ে গেছে। আমরা সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আপনারা সরকারের কাছে যা চাইছেন, সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।"

প্রশাসনে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, "যারা সৎ, দক্ষ, তাদের আমরা আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই।"

উক্ত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এনবিআরের চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন। সম্মেলনে রাজস্ব বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী রাজস্ব কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন।