পিরোজপুর সদর উপজেলায় ১০ পিস ইয়াবাসহ মো. নাদিম শেখ (৩১) নামে এক গ্রাম পুলিশ (মহল্লাদার) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) কদমতলা বাজার সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নাদিম শেখ সদর উপজেলার পশ্চিম চর কদমতলা (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মো. হায়দার শেখের ছেলে।
পিরোজপুর সদর থানা সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে কদমতলা বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে নাদিমকে আটক করে দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত ও বিশেষ অভিযান ‘জিরো টলারেন্স’ নীতিতে অব্যাহত থাকবে। অপরাধের সাথে জড়িত ব্যক্তি যেই হোক না কেন—এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ বিন্দুমাত্র আপস করবে না।”