নোয়াখালীর বেগমগঞ্জে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পাঁচজনের নাম নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ তারা একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাচ্ছিলেন। সেই সময় পেছন থেকে তাদের মোটরসাইকেলের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়, যার ফলে তারা সড়কে পড়ে যান। এতে তাদের সঙ্গে থাকা পাঁচজনের মাথা, হাত ও পিঠে গুলি লাগে।
হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে চিনতে পেরেছেন বলে দাবি করে তিনি বলেন, "এ সময় পিচ্চি রিয়াদ আমাকে জামায়াত-শিবির ট্যাগ দিয়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়।"
স্থানীয় সূত্রে জানা গেছে, হারুন ও রায়হানের মধ্যে দীর্ঘদিনের পূর্ববিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে, হারুন ও তার সহযোগীরা প্রতিপক্ষ রায়হানের লোকজন ভেবেই এই দলটি লক্ষ্য করে গুলি চালায়। তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সংযোগ পাওয়া যায়নি।
ঘটনা প্রসঙ্গে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, "মোটরসাইকেল আরোহীদের পিছন থেকে গুলি করা হলে তিনজন ছররা গুলিতে আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।"