পিতৃত্বের স্বাদ পেলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। আজ সোমবার দুপুরে তাঁর স্ত্রী এবং সহ-শিল্পী প্রশ্মিতা পাল এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
সন্তানের আগমনের কথা জানিয়ে অনুপম রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘পুত্রসন্তানের আগমনে আমরা ভীষণ আনন্দিত।’
খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই ওই পোস্টের নিচে অনুরাগীদের শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে। ভক্তদের এই ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনুপম।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাসে কলকাতায় ঘরোয়া পরিবেশে আইনি বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবন শুরু করেন অনুপম রায় ও প্রশ্মিতা পাল। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। পরবর্তীতে দক্ষিণ কলকাতার একটি ক্লাবে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
সংগীত জগতের পরিচিত মুখ এই দুই শিল্পীর দীর্ঘদিনের বন্ধুত্ব পরবর্তীতে প্রেমে রূপ নেয়। ২০২৪ সালে বিয়ের পর পেশাগত ব্যস্ততার পাশাপাশি সংসার সামলেছেন তাঁরা। এবার তাঁদের জীবনে এল নতুন অতিথি।