পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা বানু বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ৫৪ বছর বয়সে জীবনের এই নতুন শুরুর কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন হুমায়রা। তবে প্রকাশিত ছবিগুলোতে তাঁর স্বামীর মুখ দেখা যায়নি। জীবনের নতুন অধ্যায় শুরুর কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘কখনো কখনো আমরা নিজেদের জন্য একরকম পরিকল্পনা করি, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের জন্য অন্য কিছু পরিকল্পনা করে রাখেন।’
সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর গভীর বিশ্বাসের কথা উল্লেখ করে এই অভিনেত্রী আরও লিখেছেন, সৃষ্টিকর্তা যখন কোনো কিছু ঘটানোর নির্দেশ দেন, তখন সেই গন্তব্যে পৌঁছানোর পথও সহজ করে দেন।
বিয়ের খবরটি সামনে আসার পর থেকেই হুমায়রার ভক্ত এবং সহকর্মীরা তাঁকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন। পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ হুমায়রা বানু বিশেষ করে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে ‘রং মহল’, ‘ইশক জালেবি’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’, ‘জান্নাত সে আগে’, ‘মেহরুম’ এবং ‘জান নিসার’-এর মতো জনপ্রিয় নাটকসমূহ।