বইপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে আসছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তাঁর নতুন পডকাস্ট সিরিজ ‘এ গ্রেট বুক উইথ বারাক ওবামা’। ওবামার নিজস্ব প্রতিষ্ঠান হায়ার গ্রাউন্ড এবং অডিবল যৌথভাবে এই ছয় পর্বের পডকাস্টটি নির্মাণ করছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্টের পছন্দের বইয়ের তালিকা বরাবরই পাঠকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। প্রতি বছর তাঁর পছন্দের বইয়ের তালিকা প্রকাশের পর তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হয়। এবার সেই বইপ্রীতিকেই ডিজিটাল মাধ্যমে রূপ দিতে উদ্যোগ নিলেন তিনি।
এই পডকাস্ট সিরিজে ছয়জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলাপ করবেন ওবামা। আলোচনার মূল বিষয় হবে এমন ছয়টি বই, যা তাঁর চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিতে গভীর প্রভাব ফেলেছে। যদিও অতিথিদের নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে আলোচিত বইগুলোর তালিকা জানা গেছে। বইগুলো হলো— জেমস বল্ডউইনের ‘দ্য ফায়ার নেক্সট টাইম’, টনি মরিসনের ‘সং অব সলোমন’, কর্মা ম্যাককার্থির ‘অল দ্য প্রিটি হর্সেস’, মেরিলিন রবিনসনের ‘গিলিয়াড’, রবার্ট পেন ওয়ারেনের ‘অল দ্য কিংস মেন’ এবং জন লে ক্যারের ‘টিঙ্কার, টেইলর, সোলজার, স্পাই’।
পডকাস্টটি প্রসঙ্গে ওবামা বলেন, পডকাস্টে বন্ধুদের সঙ্গে তিনি এসব বই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বইগুলো কেন তাদের মনে দাগ কেটেছে, কীভাবে সেগুলো নিজেদের ও অন্যদের আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে এবং বদলে যাওয়া এই সময়ে সাহিত্যের গুরুত্বইবা কতটা, এসব বিষয় উঠে আসবে আলোচনায়।
তার আশা, এই পডকাস্ট শ্রোতাদের এমন কিছু বই আবার পড়তে আগ্রহী করে তুলবে, যেসব বই মানুষকে নিজের জীবন, চারপাশের মানুষ এবং পুরো পৃথিবীকে নতুন দৃষ্টিতে দেখতে শেখায়।