১৯৯৯ সালের ৩ সেপ্টেম্বর মুক্তকণ্ঠের শুক্রবারের সাময়িকীতে প্রকাশিত হয়েছিল হোর্হে লুইস বোর্হেসের দুটি কবিতা। দীর্ঘকাল ছাপা কাগজের পাতায় সীমাবদ্ধ থাকা কবিতা দুটিকে এখন অনলাইন পাঠকদের জন্য পুনরায় উপস্থাপন করা হয়েছে। কবিতা দুটির অনুবাদ করেছেন দিলওয়ার হাসান।

প্রথম কবিতাটি নিম্নরূপ:

"সবকিছু বদলে যায়, আমার ছড়ি, পকেট, চাবির রিং
অনুগত তালা, বিলম্বে আগত ক্ষুদ্র চিঠি
বাকি কেবল অল্প কটা দিন, পাব না সময় পড়তে
কার্ডের ডেক, টেবিলের ছাদ, একটি পুস্তক
যার পাতায় ভেঙে ছত্রখান বিবর্ণ বেগুনি,
এক বিকেলের স্মৃতিসৌধ অবশ্যই স্মরণীয়, বিস্মৃত এখন।
পশ্চিমের আয়না যেখানে রক্তিম সূর্যোদয়
তার মায়া ছড়ায়, আরও কত জিনিস
ফাইল, পেরেক, দরজার চৌকাঠ, মানচিত্র, সুরার পাত্র
কোনো কথা না বলে আমাদের সেবা করে যায়,
অন্ধ ও রহস্যজনকভাবে তারা সংগতবাক।
আমরা চলে গেলেও সবকিছু সইবে তারা
কোনো দিন জানবে না আমাদের যাবার খবর।"

দ্বিতীয় কবিতাটি নিম্নরূপ:

"চুইয়ে আসে দিনের আলো, ধীরে ধীরে ভেসে উঠি আমি,
নিজের স্বপ্ন থেকে সাধারণ স্বপ্নের ভেতর
সবকিছু ঠিকঠাক গৃহীত হয় তাদের
যথার্থ স্থানে, তাদের প্রচলিত আকারে।
এই বর্তমানের ভেতর জোর করে ঢুকে পড়ে অতীত
তার বিহ্বল ব্যাপৃতিসমেত—
মানুষ ও পাখিদের শতাব্দীপ্রাচীন ভ্রমণশীলতা,
তরবারির আঘাতে দলে দলে মৃত সৈন্যের দল
এবং রোম ও কার্থেজ।
ফিরে আসে আমার দিবসের মান-সম্মান এবং সম্পদ
আমার কণ্ঠস্বর, চেহারা, স্নায়ুর দুর্বলতা, আমার ভাগ্য
কেবল মৃত্যু, অন্য রকম জেগে ওঠা আমাকে বরাদ্দ করবে
আমার নিজের নাম ও আমি যা ছিলাম
তার স্মৃতিহীন কিছুটা সময়,
সকালের মানে যদি বিস্মরণ হয়!"