অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া সহজ করতে ‘ট্যাপ টু শেয়ার’ সুবিধা চালু করেছে গুগল। কুইক শেয়ারের এই নতুন ফিচারের মাধ্যমে দুটি অ্যান্ড্রয়েড ফোন পাশাপাশি এনে যোগাযোগের তথ্য, ছবি, ভিডিও, ওয়েবসাইটের লিংক এবং অবস্থানসহ বিভিন্ন ধরনের কনটেন্ট শেয়ার করা যাবে। গুগলের এই সুবিধাটি অনেকটাই অ্যাপলের এয়ারড্রপের মতো। শুরুতে পিক্সেল ফোনে ফিচারটি চালু করা হচ্ছে।

ট্যাপ টু শেয়ার মূলত কুইক শেয়ারেরই একটি নতুন সক্ষমতা। ফলে প্রতিবার কনটেন্ট আদান-প্রদানের সময় আলাদাভাবে কুইক শেয়ার নির্বাচন করার প্রয়োজন হবে না। অ্যান্ড্রয়েড–বিষয়ক রেডিট কমিউনিটির ব্যবস্থাপক মিশাল রহমান জানিয়েছেন, ফোনের হোম স্ক্রিনে থাকা অবস্থাতেও দুটি ফোনে ট্যাপ করে তথ্য আদান-প্রদান করা যাবে। এমনকি অ্যান্ড্রয়েডের শেয়ার মেনু ওপেন থাকলেও আগে কুইক শেয়ার নির্বাচন না করেই ট্যাপ টু শেয়ার ব্যবহার করা সম্ভব হবে।

তবে ফিচারটি চালাতে দুটি ফোনেই এনএফসি চালু থাকতে হবে। এছাড়া ফোনের কোন অংশে এনএফসি অ্যানটেনা রয়েছে, সেটি জানা জরুরি। কারণ, তথ্য আদান-প্রদানের সময় দুটি ফোনের এনএফসি অ্যানটেনা কাছাকাছি আনার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

গুগলের নতুন পিক্সেল ১১ ফোনে এনএফসি অ্যানটেনা রাখা হয়েছে ফোনের ওপরের অংশে। ট্যাপ টু শেয়ার ও মোবাইল পেমেন্টের মতো সুবিধা সহজে ব্যবহার উপযোগী করতে ফোনটির নকশায় এই পরিবর্তন আনা হয়েছে। এনএফসি অ্যানটেনার অবস্থান জানা না থাকলে দুটি ফোনের পর্দা একে অপরের ওপর রেখে পরীক্ষা করা যেতে পারে। ফোন দুটি পেছনের দিক দিয়েও পাশাপাশি এনে সংযোগের চেষ্টা করা যাবে। তবে মোটা কভার ব্যবহার করলে এনএফসি সংযোগে সমস্যা হতে পারে; সে ক্ষেত্রে কভার খুলে নেওয়ার প্রয়োজন হতে পারে।

অ্যান্ড্রয়েড ১৭ বা পরবর্তী সংস্করণে চলা পিক্সেল ৬ এবং পরবর্তী মডেলের ফোনে ট্যাপ টু শেয়ার সুবিধা চালু করা হবে। পর্যায়ক্রমে সব ফোনে ফিচারটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। গুগল জানিয়েছে, শিগগিরই স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা, ফোল্ড ৮ ও ফ্লিপ ৮ ফোনেও ট্যাপ টু শেয়ার চালু করা হবে। বছরের শেষ নাগাদ অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও সুবিধাটি চালু করার পরিকল্পনা রয়েছে গুগলের।