চ্যাটজিপিটি, ক্লড ও পারপ্লেক্সিটির মতো জনপ্রিয় এআই প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এ ধরনের পরিস্থিতিতে কেউ পাসওয়ার্ড চুরি বা সাইবার হামলার মাধ্যমে কারও এআই অ্যাকাউন্টে ঢুকে পড়লে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ কথোপকথনের তথ্য নিরাপত্তার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সে কারণে নিয়মিতভাবে নিজের এআই অ্যাকাউন্টে অপরিচিত কোনো যন্ত্র থেকে প্রবেশ করা হচ্ছে কি না, তা যাচাই করা জরুরি।

চ্যাটজিপিটি অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকেছে কি না বুঝতে হলে কম্পিউটারের ব্রাউজারে চ্যাটজিপিটি চালু করতে হবে। এরপর নিচের বাঁ দিকে নিজের নামের ওপর ক্লিক করে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে। এরপর ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ অপশনে গিয়ে ‘অ্যাকটিভ সেশনস’ নির্বাচন করলেই অ্যাকাউন্ট ব্যবহারের বিস্তারিত তথ্য দেখা যাবে। তালিকায় অপরিচিত কোনো যন্ত্রের নাম থাকলে ধারণা করা যাবে যে গোপনে কেউ আপনার এআই অ্যাকাউন্ট ব্যবহার করছে। এ ক্ষেত্রে ‘লগআউট অল’ অপশন নির্বাচন করে সব যন্ত্র থেকে একসঙ্গে লগআউট করতে হবে। এরপর পাসওয়ার্ড পরিবর্তনের জন্য আবার চ্যাটজিপিটি ওয়েবসাইটে প্রবেশ করে ই–মেইল ঠিকানা লিখে ‘ফরগট পাসওয়ার্ড’ নির্বাচন করতে হবে এবং ‘কনটিনিউ’ চাপতে হবে। ই–মেইলে আসা ছয় সংখ্যার কোড লগইন পেজে লিখে ‘কনটিনিউ’ চাপলে নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে।

ক্লড অ্যাকাউন্টে অপরিচিত কোনো যন্ত্র থেকে প্রবেশ করা হয়েছে কি না যাচাই করতে কম্পিউটারের ব্রাউজারে ক্লড চালু করতে হবে। এরপর নিচের বাঁ দিকে নিজের নামের ওপর ক্লিক করে ‘সেটিংস’ নির্বাচন করার পর ‘অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করলে ‘অ্যাকটিভ সেশনস’ দেখা যাবে। তালিকায় অপরিচিত কোনো সেশন থাকলে সেটির ওপর মাউস রেখে ডান পাশে থাকা তিনটি উল্লম্ব বিন্দুর আইকনে ক্লিক করে ‘লগআউট’ বা ‘টার্মিনেট’ নির্বাচন করতে হবে। চাইলে ‘লগআউট অব অল ডিভাইসেস’ নির্বাচন করে সব যন্ত্র থেকেও একসঙ্গে লগআউট করা যাবে। এরপর ই–মেইল ঠিকানা ব্যবহার করে ক্লডে আবার লগইন করতে হবে। এ ক্ষেত্রে বলা হয়েছে, ক্লডে পাসওয়ার্ড ব্যবহারের সুবিধা নেই; তাই পাসওয়ার্ড পরিবর্তনের বদলে নিয়মিত সন্দেহজনক সেশন বন্ধ করতে হবে।

পারপ্লেক্সিটিতে বর্তমানে অ্যাকাউন্ট কোন কোন যন্ত্রে চালু রয়েছে, তা দেখার সুবিধা নেই। তাই গোপনে কেউ অ্যাকাউন্ট ব্যবহার করছে বলে সন্দেহ হলে সব সক্রিয় সেশন থেকে একসঙ্গে লগআউট করার পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য ব্রাউজারে পারপ্লেক্সিটি খুলে নিচের বাঁ দিকে নিজের নামের ওপর ক্লিক করতে হবে। এরপর ‘অল সেটিংস’ নির্বাচন করে ‘সাইন আউট অব অল সেশনস’–এ ক্লিক করার পর ‘কনফার্ম’ নির্বাচন করলেই সব সক্রিয় সেশন থেকে লগআউট হয়ে যাবে। এরপর ই–মেইল ঠিকানা ব্যবহার করে আবার পারপ্লেক্সিটিতে লগইন করতে হবে।

এআই অ্যাকাউন্টে অপরিচিত কোনো যন্ত্রের নাম বা অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যক্রম দেখা গেলে তা উপেক্ষা না করার কথা বলা হয়েছে। দ্রুত সন্দেহজনক সেশন বন্ধ করার পাশাপাশি প্রয়োজন হলে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। একই পাসওয়ার্ড একাধিক অনলাইন সেবায় ব্যবহার করা উচিত নয়—কারণ একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফাঁস হলে একই পাসওয়ার্ড ব্যবহার করা অন্য অ্যাকাউন্টগুলোও ঝুঁকিতে পড়তে পারে। তাই প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের পাশাপাশি মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালু করলে নিরাপত্তা আরও বাড়বে বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: টেকক্রাঞ্চ