চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআইয়ের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট এবং ১৩টি আইফোন জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-১৪৮’ ফ্লাইটের যাত্রীদের তল্লাশিকালে এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা। উদ্ধারকৃত পণ্যের মধ্যে মন্ড, প্লাটিনাম ও ইজি লাইট ব্র্যান্ডের মোট এক হাজার ৮০২ কার্টন সিগারেট এবং ১৩টি আইফোন রয়েছে।

এই ঘটনার সাথে জড়িত তিন যাত্রী—মঈনুল আবদীন, আব্দুল মান্নান ও নুরুল আলম রিয়াদকে আটক করা হয়েছে। এনএসআই জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে এবং পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত হওয়ায় এবং অতিরিক্ত মোবাইল ফোন ব্যাগেজ সুবিধার বহির্ভূত হওয়ায় ডিএম (ডিটেনশন মেমো) মূলে পণ্যগুলো আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।