কুষ্টিয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের জেলা শাখার নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় সংসদ সদস্যের ব্যক্তিগত সরকারি মমিন বিশ্বাস বাদী হয়ে থানায় এই অভিযোগটি জমা দেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদসহ অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করার আবেদন করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, "যারা যারা ঘটনায় ছিল ভিডিও ফুটেজ দেখে, তাদের বাবার নাম ধরে থানায় মামলা দিয়ে আসলাম।"

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর মুক্তকণ্ঠকে জানান, "অভিযোগটি পেয়েছি। মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই উত্তেজনার মধ্যেই সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়। এই সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।