নিষিদ্ধ ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল ইসলাম তাঁর বাবার জানাজা ও দাফনে অংশ নিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। গতকাল শনিবার রাতে এই প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে পুনরায় কারাগারে নেওয়া হয়।
নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, একটি রাজনৈতিক মামলায় গত ২২ জুন গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি ছিলেন রাকিবুল হাসান। গতকাল দুপুরে তাঁর বাবা আবুল কালাম আজাদ শহরের হাজীপাড়া মহল্লার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এই পরিস্থিতিতে বাবার শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানানো হয়।
আবেদনটি মঞ্জুর করার পর পুলিশি পাহারায় রাত আটটার দিকে রাকিবুল হাসানকে শহরের বড়গাছা এলাকার বুড়া দরগা মসজিদ মাঠে আনা হয়। সেখানে বাবার মরদেহে শেষ শ্রদ্ধা জানান এবং কান্নায় ভেঙে পড়েন তিনি। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে বাবার দাফন সম্পন্ন করেন তিনি। এরপরই পুলিশি পাহারায় তাঁকে পুনরায় নাটোর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দাফনের কাজ শেষ হওয়ার পর রাত ১০টার দিকে পুলিশি পাহারায় রাকিবুল ইসলামকে নাটোর কারাগারে ফেরত নিয়ে আসা হয়।