খুলনার রূপসায় ইটভাটার অফিসে ঢুকে যুবদল কর্মী ফখরুল ইসলামকে (৩২) গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ও কথিত শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-৬। রোববার (১৬ আগস্ট) রাত ৩টার দিকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ জানিয়েছে, স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের যৌথ দল এই অভিযান পরিচালনা করে ইব্রাহিমকে গ্রেপ্তার করে। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ১২ আগস্ট রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকসের অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। সেই সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, ফখরুল যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট এবং তার দুটি মেয়ে রয়েছে। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের মালিকানাধীন। ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার স্বার্থে তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন এবং ঘটনার রাতেও তিনি অফিসের ভেতরেই ছিলেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ফখরুলের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনা প্রসঙ্গে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আবদুর রাজ্জাক বলেন, "রূপসা এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় র্যাব একজন আসামিকে গ্রেপ্তার করেছে। তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।"
এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব-৬।