অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের পরাজিত করে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সূচনা করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে এক স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর দেশটির মাটিতে টেস্ট খেলতে নেমেই এই অনন্য সাফল্য অর্জন করল লাল-সবুজের প্রতিনিধিরা।

টাইগারদের এই ঐতিহাসিক জয় নিশ্চিত হওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সফরে ছিলেন। খেলা শেষ হওয়ার পরপরই তিনি ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে যুক্ত হন এবং সরাসরি অভিনন্দন জানান। এই আলাপচারিতার সময় তিনি দেশবাসীর পক্ষ থেকেও দলের কাছে শুভেচ্ছা পৌঁছে দেন।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস ও চমৎকার দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।’

প্রধানমন্ত্রী বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানান। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সিরিজের পরবর্তী টেস্টেও একই ধরনের পারফর্ম বজায় রেখে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বপ্ন পূরণ করবে বাংলাদেশ।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে ঘরের মাঠে মিরপুর টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। তবে এবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলটিকে তাদের নিজেদের ডেরায় হারিয়ে এক নতুন ইতিহাস রচনা করল টাইগাররা।