কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় উপস্থিত হন।
সড়কপথে সেখানে পৌঁছে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণের পাশাপাশি উপস্থিতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তার আগমনের কথা জানতে পেরে সকাল থেকেই মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের ভিড় জমে। তাকে একনজর দেখার জন্য সেখানে হাজারও মানুষ সমবেত হন।
কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টায় তিনি কটিয়াদী উপজেলার উদ্দেশে রওনা হবেন এবং দুপুর ১২টা ৩০ মিনিটে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর বেলা ১২টা ৫৫ মিনিটে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠের উদ্দেশে যাত্রা করবেন তিনি। দুপুর ১টায় সেখানে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।
পরবর্তীতে দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হবেন। বেলা আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউজে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন তিনি। এরপর বিকেল ৪টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসানালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৬টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।