আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে নির্বাচনী কর্তা ও সিইসি এএমএম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে মনোনয়নটি বৈধ ঘোষণা করেন। ওই সময়ে ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৯ আগস্ট জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে অলি আহমদকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে ১১ দলীয় ঐক্যের নেতারা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার রাষ্ট্রপতি পদের জন্য মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে বিএনপি একটি এবং ১১ দলীয় ঐক্য দুটি মনোনয়নপত্র জমা দেয়। অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করায় ঐক্যের অন্য মনোনয়নটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।

আগামী ১৮ আগস্ট বিকাল ৪টার মধ্যে বৈধ প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। তবে শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।