সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ওই স্থান থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু এবং ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী জানান, রাতে কোনো একসময় বিএনপি কার্যালয় লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দের পর স্থানীয়রা সেখানে জড়ো হন। ঘটনার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। পরে সেখান থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজখবর নেন।
এদিকে খবর পাওয়ার পর কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরাও এলাকাটি পরিদর্শন করেন।
কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, "পুলিশ যাওয়ার আগেই ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোন অভিযোগ দায়ের হয়নি। কাউকে আটকও করা হয়নি। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।"
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।