নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি স্থানীয় ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোশারফ হোসেন মজুমদার (৫৫)। এই ঘটনায় আহত হয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক ওরফে সুমন এবং অটোরিকশার চালক।
গতকাল শনিবার সন্ধ্যায় সেনবাগ সোনাইমুড়ি সড়কের কেশারপাড় ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি কার্যালয় থেকে বের হয়ে আবদুল হক ও মোশারফ হোসেন মজুমদার ব্যাটারিচালিত অটোরিকশায় করে কানকির হাটের দিকে যাচ্ছিলেন। রাস্তার মাথা এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী মাইক্রোবাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে চালকসহ তিন যাত্রী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে মোশারফ হোসেন মজুমদারের মৃত্যু হয়।
ঘটনা প্রসঙ্গে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার শনিবার রাতে মুক্তকণ্ঠকে বলেন, "দুর্ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।"