খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামের এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয় ঢালী দুর্জনীমহল গ্রামের আক্তার ঢালীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জয় ঢালী সন্ধ্যা থেকে দুর্জনীমহলের শহীদের মোড়ে একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে সেখানে এসে তাঁর সঙ্গে কথা বলতে থাকেন। কিছুক্ষণ পর ওই যুবকদের মধ্যে দুজন ছুরি দিয়ে তাঁর বাঁ পায়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে গলা কেটে হত্যা করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান। পুলিশ জানিয়েছে, জয় ঢালীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, বিশেষ করে গলা ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, "জয় ঢালীর বিরুদ্ধে রূপসা থানায় বেশ কয়েকটি মামলা ছিল। তাঁর সঙ্গে কারও পূর্বশত্রুতা ছিল কি না, তা এখনই বলা যাচ্ছে না। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।"