রাঙামাটির মানিকছড়িতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) ভোরে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপটি রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে দ্রুত রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে পিকআপ চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা বর্তমানে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া শোভা চাকমা নামের এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর জানান, "দুর্ঘটনায় মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজন আগেই মারা গেছেন। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে এবং অন্য দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।"

পুলিশি কার্যক্রম প্রসঙ্গে রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, "নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখছে পুলিশ।"