জাতীয় মৎস্য পক্ষ সামনে রেখে আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম কিশোরগঞ্জ সফর।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রোববার সকালে প্রধানমন্ত্রী সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। সেখানে কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নে অবস্থিত জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

আতিকুর রহমান রুমন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। তিনি সড়কপথে যাবেন। সেখানে কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।"

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানান, প্রধানমন্ত্রী রোববার কিশোরগঞ্জ থেকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের এই দিবসের প্রতিপাদ্য বিষয় হলো, ‘রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর সাড়ে ১২টায় কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। দুপুর ১টায় আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ দিবসের উদ্বোধনী অনুষ্ঠান এবং জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বেলা আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

বিকেল ৩টা ১৫ মিনিটে সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ এবং বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত-ভিক্ষু-পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মাননা প্রদানের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফিরবেন।