বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য আড়াই ঘণ্টার বিশেষ প্যারোলে মুক্তি পেয়েছেন নাটোর জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। শনিবার (১৫ আগস্ট) এশার নামাজের পর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার বুড়া দরগা মসজিদ প্রাঙ্গণে তার বাবা আবুল কালাম আজাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জানাজায় অংশগ্রহণের লক্ষ্যে রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেমসকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। স্বজনদের সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। শনিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের চারজনকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় গত ২২ জুন রাতে নিজ বাড়ি থেকে জেমসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। শনিবার বাবার মৃত্যুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে আড়াই ঘণ্টার প্যারোলে মুক্তির অনুমতি দেন। পরবর্তীতে পুলিশি পাহারায় তাকে জানাজাস্থলে নিয়ে আসা হয়।
জানাজায় জেমসের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। জানাজা সম্পন্ন হওয়ার পর তাকে পুনরায় নাটোর জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।