সিলেটের গোয়াইনঘাটে পারিবারিক বিরোধ ও ধর্ষণের অভিযোগ কেন্দ্র করে বড় ভাইয়ের দা কোপে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামের পূর্ব দীঘিরপাড় এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কলিম উল্লাহ (৫৫)। তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত তার আপন বড় ভাই সাইফুল্লাহ (৬০)। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত সাইফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে (২৭) আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে কলিম উল্লাহর মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে তার আপন চাচাতো ভাই জুবের আহমদের (১৮) বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। গত বুধবার স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। এরই মধ্যে জুবেরের বাবা সাইফুল্লাহ পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় গোপনে ছেলের বিয়ে ঠিক করেন এবং গত শুক্রবার রাতে জুবেরের বিয়ে সম্পন্ন হয়।
সালিশে ন্যায়বিচার না পেয়ে ভুক্তভোগী বাবা কলিম উল্লাহ গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে গেলে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাইফুল্লাহ দা দিয়ে ছোট ভাই কলিম উল্লাহর গলায় সজোরে কোপ দেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে আমির উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত সাইফুল্লাহসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।