পাবনার ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নে বিএনপির ৩০ জন কর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে দেওভোগ বাজারে আয়োজিত এক সংসদ সদস্যের গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ আলী আছগারের হাতে ফুলের তোড়া দিয়ে জামায়াতে যোগ দেন তারা। পরবর্তীতে দলের স্থানীয় নেতৃবৃন্দ নবাগতদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। যোগদানকারীদের মধ্যে মো. আনিছুর রহমান, বখতিয়ার হোসেন, রবিন হোসেন, তারেক হোসেন ও সাইফুল ইসলামসহ কয়েকজনের নাম জানা গেছে, যারা বিএলবাড়ি ইউনিয়নের বিএনপি কর্মী-সমর্থক হিসেবে পরিচিত।
কেন দল পরিবর্তন করলেন, সেই প্রশ্নে যোগদানকারীরা জানান, "দেশের কল্যাণ, ন্যায়বিচার, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা জামায়াতে যোগ দিয়েছেন।"
নতুন সদস্যদের স্বাগত জানিয়ে স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বলেন, নতুন কর্মী-সমর্থকদের যোগদানে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।
তবে এই দল পরিবর্তনকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিএনপি নেতৃত্ব। যোগদানকারীরা যে পদধারী নেতা, তা অস্বীকার করেছেন বিএলবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোহাম্মদ আলী। তিনি বলেন, "আজকে যারা যোগদান করেছেন, তারা পদধারী কোনো বিএনপি নেতা নন। তারা কর্মী-সমর্থক মাত্র। তারা দল পরিবর্তন করলেও এতে দলের কোনো ক্ষতি হবে না।"
আবদুস সামাদ মাস্টারের সভাপতিত্বে ও মো. রমজান আলীর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু তালিব, সাবেক আমির মো. সাপিনুর ইসলাম, উপজেলা সেক্রেটারি আব্দুল হাই আল-রাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রওশন আলম এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মো. রমজান আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।