জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকাত সন্দেহে তিনজনকে ধাওয়া করে ধরে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এই ঘটনায় নুর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের উলিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বাসিন্দা। আহত অন্য দুজন হলেন গাইবান্ধার বাটিকামারি এলাকার জাহাঙ্গীর (৪০) ও দেওয়ানগঞ্জ উপজেলার বরখাল গ্রামের রফিকুল (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি ছোট নৌকায় করে ওই তিনজন যমুনা নদীর ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় যান। তাঁদের ডাকাত সন্দেহে স্থানীয় জেলেরা ধাওয়া শুরু করেন। ধাওয়া খেয়ে তাঁরা প্রথমে গুঠাইল এলাকায় পৌঁছালে সেখানকার লোকজনও তাঁদের পিছু নেন। পরবর্তীতে উলিয়া এলাকায় স্থানীয় লোকজন তিনজনকে ধরে ফেলেন এবং তাঁদের মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয় এবং জাহাঙ্গীর ও রফিকুল আহত হন।
দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত দুজনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, "এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"