গত এক বছরে বিভিন্ন অভিযান চালিয়ে ৩ কোটি ৭৪ লাখ টাকারও বেশি মূল্যের মাদকসহ অবৈধ দ্রব্য জব্দ করেছে পাবনার ঈশ্বরদীস্থ পাকশী রেলওয়ে জেলা পুলিশ। ২০২৫ সালের ২০ জুলাই থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত পরিচালিত এসব অভিযানে মোট ৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে পাকশী রেলওয়ে জেলা পুলিশ লাইনের কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানান পাকশী রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মেহেদী হাসান।

পুলিশ সুপার জানান, বিভিন্ন রেলস্টেশন এলাকা এবং আন্তঃনগর এক্সপ্রেস, মেইল ও লোকাল ট্রেনে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে ৪১ কেজি গাঁজা, ৪ কেজি ৬০০ গ্রাম হেরোইন, ৫২৮ পিস ইয়াবা, ১ হাজার ১২৬ পিস নেশাজাতীয় ইনজেকশন (এ্যাম্পল), ৪০২ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ৬৪০ বোতল কোডিনযুক্ত এসকপ, ১৫০ বোতল ফেনসিডিল, ১৩ বোতল দেশীয় মদ, ৩০ বোতল কোডিন ফসফেট এবং ৩০ বোতল কোডিনযুক্ত এমকে ড্রিল।

মতবিনিময় সভায় রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, ট্রেনের শিডিউল বিপর্যয় রোধ এবং টিকিট কালোবাজারি ও অপরাধ দমনের উপায় নিয়ে আলোচনা হয়। এই লক্ষ্য অর্জনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

উক্ত সভায় ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পাকশী রেলওয়ে জেলা পুলিশের সাব ইন্সপেক্টর মাহাতাব আলী ও রুহুল আমিনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিক এবং পাকশী রেলওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।