কুমিল্লা নগরীর ইসলামপুর রোড এলাকায় সিটি করপোরেশনের মোবাইল কোর্টের অভিযানে বাধা দেওয়া এবং হামলার চেষ্টার অভিযোগে রিয়াদ হাসান (৩৭) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে চাপাতি ও রামদা দিয়ে হামলার অভিযোগ আনা হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে ইসলামপুর রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। সেই সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা মোবাইল কোর্টের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ উঠেছে, তাদের মধ্যে কয়েকজন চাপাতি ও রামদা নিয়ে মোবাইল কোর্টের সদস্যদের দিকে এগিয়ে আসেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

অভিযানে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা রিয়াদ হাসানকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় আরও একজনকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি নিশ্চিত করে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "সরকারি কাজে তারা বাধা দিয়েছিল। একজনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।"

তিনি আরও সতর্ক করে জানান, সরকারি দায়িত্ব পালনের সময় কোনো ধরনের বাধা বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।