জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে তিনজনকে গণপিটুনির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই হামলায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম নুর মোহাম্মদ (৫০), তিনি গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহতরা হলেন গাইবান্ধার বাটিকামারি এলাকার ছলিম ব্যাপারীর ছেলে জাহাঙ্গীর (৪০) এবং দেওয়ানগঞ্জের বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ছোট নৌকায় করে তিনজন ব্যক্তি যমুনা নদীর বরুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা তাদের জাল চুরির সন্দেহে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা গুঠাইল এলাকায় পৌঁছালে সেখানকার জেলেরা তাদের পিছু নেন। পরবর্তীতে উলিয়া এলাকায় স্থানীয়রা তিনজনকে আটক করে মারধর করেন। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয় এবং জাহাঙ্গীর ও রফিকুল আহত হন।

ঘটনা প্রসঙ্গে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, "ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"