সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, প্রাক্তন ছাত্রনেতা ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু মৃত্যুবরণ করেছেন।
শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটে সাতক্ষীরা শহরের ইটাগাছায় নিজ বাসভবনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৩ বছর।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সম্মুখসমরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশেষ করে পারুলিয়া, আশাশুনি ও পাইকগাছা এলাকায় হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধ চালিয়েছিলেন। শনিবার বিকেল ৪টায় পারুলিয়ায় নিজ বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহার নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের একটি চৌকস দল এই গার্ড অব অনার প্রদান করে।
পরবর্তীতে বিকেল সাড়ে ৫টায় মাঝ পারুলিয়া ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। জানাজা শেষে মোশারাফ হোসেন মশুর মরদেহ পারুলিয়ার সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।