সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে নদীতে গোসল করার সময় স্রোতে তলিয়ে এক পর্যটক প্রাণ হারিয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাইনুল ইসলাম রিফাত (২১) ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা এবং হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

মৃতের সঙ্গে আসা বন্ধু সাব্বির রহমান জানান, তারা চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে ভ্রমণে যান। শনিবার বেলা ১১টার দিকে পর্যটনকেন্দ্রে পৌঁছানোর পর তারা নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর নদীর পাশে রিফাতকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাতিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ১২টার দিকে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এই ঘটনার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, "সাদাপাথরে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।"