জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত শুক্রবার (১৪ আগস্ট) পারিবারিকভাবে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তার বিয়ে সম্পন্ন হয়।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জাকসুর কার্যকরী নারী সদস্য নাবিলা বিনতে হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মেঘলার স্বামী আস সাদিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র ২০২১-২২ সেশনের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে এ বিষয়ে মেঘলার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আয়শা সিদ্দিকা মেঘলা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। জাকসুর সর্বশেষ নির্বাচনে তিনি নারী এজিএস পদে ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হন।

এদিকে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহপাঠী, শুভাকাঙ্ক্ষী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের সদস্যরা নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্যজীবনের জন্য শুভকামনা ও শুভেচ্ছা জানিয়েছেন।