সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মাইনুল ইসলাম (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর তাঁর সঙ্গে থাকা বন্ধু এবং স্থানীয় বাসিন্দারা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।
মৃত মাইনুল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মাইনুলের বন্ধু সাব্বির রহমান জানান, চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথর ভ্রমণে এসেছিলেন। সকালে পর্যটনকেন্দ্রে পৌঁছানোর পর বেলা ১১টার দিকে তাঁরা একসঙ্গে পানিতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর মাইনুলকে দেখতে না পেয়ে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর নদীর পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসমান গনি মুক্তকণ্ঠকে বলেন, "তাঁর মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।"