যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশ ব্যাপক তল্লাশি শুরু করে এবং তাঁর মরদেহ উদ্ধার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মিশিগান অঙ্গরাজ্য পুলিশ এ তথ্য দিয়েছে।
পুলিশ জানায়, এ গুলির ঘটনায় আরও একজন ব্যক্তি আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক।
অঙ্গরাজ্য পুলিশের বরাত দিয়ে বলা হয়, স্থানীয় সময় বেলা প্রায় ১১টা ৪০ মিনিটে গুলির খবর পেয়ে মিশিগানের মিসাউকি কাউন্টির একটি বাড়িতে পুলিশ সদস্যদের পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে তারা তিনজনকে মৃত এবং চতুর্থ একজনকে আহত অবস্থায় পান।
পুলিশের দেওয়া তথ্যে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যান। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। এরপর তাঁকে ধরতে তল্লাশি অভিযান শুরু হয়। তল্লাশির সময় তদন্তকারীরা দ্বিতীয় একটি বাড়িতে আরও একজনের মরদেহ খুঁজে পান।
এরপর পুলিশ সদস্যরা হুইটলক লেকের কাছে একটি বনাঞ্চলের পাশে হিকম্যানের গাড়িটি শনাক্ত করেন। পুলিশ বলেছে, সেখানে হিকম্যান এবং আরও একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
পুলিশের বিবৃতিতে লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, ‘এ ঘটনা কমিউনিটির জন্য হৃদয়বিদারক এবং এতে জড়িত তদন্ত কর্মকর্তাদের জন্যও অত্যন্ত কঠিন।’
পুলিশ নিহত ব্যক্তিদের নাম, বয়স বা লিঙ্গ পরিচয় প্রকাশ করেনি।