ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জরুরি সেবা বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই ভূমিকম্পে দুজন নিহত হয়েছেন। ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্টন সুয়ার পেলিতা পাঞ্জাইতান জানান, "এই মুহূর্তে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের একজন পুরুষ ও একজন নারী।"
তিনি আরও বলেন, "আরও তথ্য নিশ্চিত হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে হতাহতের চূড়ান্ত সংখ্যা এবং ভূমিকম্পে ভবনগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাবেন।"
ভূমিকম্পের পর ফ্লোরেস দ্বীপের বেশ কয়েকটি এলাকায় ৩ ফুট উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানে। উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয় এবং বহু মানুষ আতঙ্কে উঁচু এলাকায় সরে যায়। তবে পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে বলে জানান দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা।