চিকিৎসার সহযোগিতার আশ্বাস দিয়ে খুলনার কয়রা থেকে সাতক্ষীরার তালায় ডেকে এনে এক গৃহবধূকে (৪০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক নারীসহ তিনজনের বিরুদ্ধে তালা থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে তদন্তের গোপনীয়তা বজায় রাখতে আসামিদের নাম ও ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।

ভুক্তভোগীর মামাতো ভাই (৪৮) জানান, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামের ওই অসুস্থ নারীকে সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে উন্নত চিকিৎসার কথা বলে তালায় নিয়ে আসা হয়। অভিযোগ অনুযায়ী, সন্ধ্যা হয়ে যাওয়ায় ডাক্তার পাওয়া যাবে না বলে তাকে তালা ব্রিজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়।

সেখানে থাকা এক নারীর সহায়তায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ওই গৃহবধূকে অচেতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এরপর সেখানে উপস্থিত দুই যুবক তাকে ধর্ষণ করে। জ্ঞান ফেরার পর ভুক্তভোগী নারী বিষয়টি ওই নারীকে জানালে তিনি তাকে গালিগালাজ করেন এবং মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। শুক্রবার সকালে কৌশলে বাসা থেকে বেরিয়ে ওই নারী তালা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দীক জানান, "শুক্রবার সকালে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে থানায় এসে ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগ করেন। তার বক্তব্যের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে দুই যুবক ও এক নারীর বিরুদ্ধে অচেতন করে জোরপূর্বক ধর্ষণের মামলা রেকর্ড করা হয়েছে।"

তিনি আরও জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।