আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের মেয়র হাবিব উর রহমান মনসুর এক শক্তিশালী বিস্ফোরণে নিহত হয়েছেন। গত দুই সপ্তাহের মধ্যে এই অঞ্চলে হামলার শিকার হয়ে নিহত হওয়া তালেবান প্রশাসনের দ্বিতীয় উচ্চপদস্থ কর্মকর্তা তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রাদেশিক রাজধানী ফয়জাবাদে গাড়িতে থাকা অবস্থায় এই বিস্ফোরণ ঘটে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাবিব উর রহমান মনসুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে হামলার ধরন বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে মন্ত্রণালয় থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

আজ শুক্রবার নাম প্রকাশ না করার শর্তে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তাও এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় তিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পঞ্চম বার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছে তালেবান। ওই দিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিলে দ্রুত দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান।

হাবিব উর রহমান নিহত হওয়ার ঠিক দুই সপ্তাহ আগে বাদাখশানের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক জাবিহুল্লাহ আমিরিকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় এক এলাকা থেকে ফয়জাবাদে যাওয়ার পথে বন্দুকধারীরা তাঁকে লক্ষ্য করে হামলা চালায়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আমিরির নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালালে একজন হামলাকারী নিহত হন এবং অন্য একজনকে আটক করা হয়। তবে এই দুটি হামলার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল হাক্কানি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা ছিলেন, যিনি তালেবানের ভেতরে একটি শক্তিশালী নেটওয়ার্কের নেতৃত্ব দেন।

২০২৩ সালের জুনে বাদাখশানের ডেপুটি গভর্নর নিসার আহমদ আহমাদি ও তাঁর গাড়িচালক একটি গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন। ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স (আইএস-কে) ওই হামলার দায় স্বীকার করেছিল। ডেপুটি গভর্নরের মৃত্যুর কয়েক দিন পর তাঁর স্মরণসভাতেও এক আত্মঘাতী বোমা হামলা চালানো হয়, যাতে অন্তত ১৩ জন নিহত হন। আইএস-কে এই হামলার দায়ও স্বীকার করে। এছাড়া ২০২৩ সালের মার্চে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের গভর্নর তাঁর কার্যালয়ে বোমা হামলায় নিহত হয়েছিলেন।