সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য আগামী শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে। বিউবো সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিউবোর আওতাধীন শহর ও শহরতলি এলাকার সকল গ্রাহকের বিদ্যুৎ সংযোগ স্থগিত থাকবে। সাধারণ গ্রাহকদের অবহিত করতে বিজ্ঞপ্তির পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তথ্যটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজ চালানো হবে। কাজের সুবিধার্থে নির্ধারিত সময়ে সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ বিষয়ে বিউবোর সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমাদ বলেন, "আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি রক্ষণাবেক্ষণের সুবিধার্থে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে গ্রাহকদের সাময়িক ভোগান্তি হতে পারে। এ সাময়িক অসুবিধার জন্য বিউবো সুনামগঞ্জ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। কাজ শেষে বিকেল ৪টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।"
উল্লেখ্য, সুনামগঞ্জ পৌর শহর ও আশপাশের এলাকায় বিউবোর প্রায় ৩৫ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে আবাসিক সংযোগ ২৬ হাজার ২৮৩টি, বাণিজ্যিক ৪ হাজার ২৮৯টি এবং ক্ষুদ্র শিল্প সংযোগ ২৬২টি। এছাড়া ২৯৭টি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক এই সেবার আওতায় রয়েছেন।