চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে প্রাইভেট কারের গতি রোধ করে অস্ত্রের মুখে এক প্রবাসীর কাছ থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার কথা জানানো হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগরের সেবাখোলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী মো. আহম্মদ উল্লাহ (২৬) সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন। গত মঙ্গলবার তিনি থানায় এই ঘটনার মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জয়নাল আবেদীন (৫২)। মামলার অন্য আসামিদের মধ্যে মো. শহিদুল ইসলাম (৩৮), মো. সালাউদ্দিন (৪২) ও মো. আলমগীর (৪০) নামের আরও তিনজনের নাম রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মো. আহম্মদ উল্লাহ প্রায় তিন মাস আগে সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরেন। তাঁর কাতারপ্রবাসী চাচাতো ভাই মো. রাসেল ইট কেনার জন্য বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা পাঠান। মঙ্গলবার তিনি চারটি ব্যাংক হিসাব থেকে মোট ২৫ লাখ ১৭ হাজার টাকা উত্তোলন করেন। এর মধ্যে ২৩ লাখ ৫০ হাজার টাকা দিয়ে ইট কিনতে তিনি দুই বন্ধুসহ প্রাইভেট কারে করে হলদিয়া ইউনিয়নের বৃন্দাবন এলাকার একটি ইটভাটার দিকে যাচ্ছিলেন।
সেবাখোলা এলাকায় পৌঁছালে চার ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের গাড়ির গতি রোধ করে। এরপর মারধর ও ভয়ভীতি দেখিয়ে ব্যাগে থাকা ২৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়। ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, ছিনতাইয়ের খবর শুনে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর আশপাশের এলাকায় অভিযান শুরু হয়। অভিযানে ওই দিনই জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। ওসি বলেন, জয়নালের কাছ থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের বাকি টাকা উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।