জর্ডানের রাজধানী আম্মানে ভিক্ষা করা এক নারীর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। তল্লাশির পর তাঁর কাছে প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার পাওয়া গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ লাখ টাকার সমান।
গত বুধবার জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার এক প্রতিবেদনে জানানো হয়, রাজধানীর বাণিজ্যিক এলাকায় ভিক্ষা করার সময় ওই নারীকে গ্রেপ্তার করা হয়। সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের ভিক্ষাবিরোধী দল এবং জননিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা এক যৌথ অভিযানের মাধ্যমে তাঁকে আটক করেন।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ওই নারী নিয়মিত ভিক্ষা করে আসছিলেন। প্রতিদিন ভিক্ষার মাধ্যমে প্রাপ্ত অর্থ তিনি জমিয়ে রাখতেন এবং সেই অর্থ বিভিন্ন বিদেশি মুদ্রায় রূপান্তর করতেন। এভাবেই তাঁর কাছে বিপুল পরিমাণ অর্থ জমা হয় বলে ধারণা করা হচ্ছে।
তবে ওই নারী ঠিক কতদিন ধরে এই কাজ করছিলেন বা তাঁর জাতীয়তা কী, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁকে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় সাধারণ নাগরিকদের রাস্তায় ভিক্ষুকদের সরাসরি অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অনেক ভিক্ষুক অসুস্থতা বা চরম আর্থিক সংকটের কথা বলে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন।
প্রকৃত অসহায় মানুষকে সাহায্য করতে চাইলে অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমে তা করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সন্দেহজনক ভিক্ষাবৃত্তির বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে। দেশজুড়ে ভিক্ষাবৃত্তি নির্মূলে ভিক্ষাবিরোধী দলগুলো নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও জানিয়েছে জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়।